ভেতরের খবর নিউজ ডেস্ক: পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে।
ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজও বুধবার বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করেছে।
আখেরি চাহার সোম্বা বলতে আরবি-ফারসি শব্দের সমন্বয়ে সফর মাসের শেষ বুধবারকে বোঝায়। মুসলিম সমাজে দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির ও মোনাজাতের আয়োজন করা হয়।
তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। এ দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদও রয়েছে।
@ইয়াসমিন রিমা