ভেতরের খবর নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো শিক্ষার্থী আহত হয়নি।
সোমবার (১০ আগস্ট) উজিরপুর সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক জাহিদুল ইসলাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে তার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, আকস্মিকভাবে পলেস্তারা পড়ায় তারা সবাই ভয় পেয়ে যায়। তবে কোনো শিক্ষার্থী আহত হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, ভবনটি ১৯৬০ সালে নির্মিত। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
স্থানীয় অভিভাবকেরা দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলি সুজা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা