ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় ঘোষিত অধিকাংশ অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, সরকারের মোট অঙ্গীকারের কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। এ বিষয়ে শিগগিরই লিখিত প্রতিবেদন বা বুকলেট প্রকাশ করা হবে।
তিনি বলেন, সরকারের প্রথম ছয় মাস ছিল প্রশাসনকে গুছিয়ে নেওয়ার সময়। এখন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে এবং আগামী ছয় মাসে সরকারের কর্মসূচি আরও জোরালোভাবে বাস্তবায়িত হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে নৈতিক অবস্থান থেকে মির্জা ফখরুল দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী মহাসচিব নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জানানো হবে বলেও জানান তিনি।
@ইয়াসমিন রিমা