ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরার কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও ডেগের সিলগালা খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এতে শেখ হাসিনাকে ‘মৃত্যুর মুখ’ থেকে রক্ষা, তাঁর হায়াত বাড়ানো এবং সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে হেফাজতের আবেদন জানানো হয়।
চিঠিতে ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামের নিচে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ কথাটিও লেখা রয়েছে। চিঠির লেখক হিসেবে ‘সজীব’ নাম উল্লেখ করে নিজেকে গাজীপুরের বাসিন্দা ও সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে বলে কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিন মাজারের দানবাক্স ও ডেগের টাকা তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হয়। তিনটি ডেগ ও দানবাক্স খোলা হয় এবং অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনায় অংশ নেন। গণনায় নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রূপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।
@ইয়াসমিন রিমা


