ভেতরের খবর নিউজ ডেস্ক: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, মেয়ে ও অপ্রাপ্তবয়স্ক ছেলে।
শনিবার রাতে স্বজনেরা দীর্ঘ সময় ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়িতে গিয়ে কোনো সাড়াশব্দ পাননি। পরে পুলিশকে খবর দিলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ পাওয়া যায়। পুলিশের তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তী ও তাঁর স্ত্রীর মরদেহ সিঁড়ির কাছে, ছেলের মরদেহ ঘরের ভেতর এবং গণপতির মরদেহ ছাদে পাওয়া যায়। তাঁদের গলায় দড়ি বা গামছা প্যাঁচানোর আলামত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘরজুড়ে মালামাল তছনছ এবং টাকা-পয়সা ও স্বর্ণালংকার রাখার স্থান ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পাশাপাশি পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পরিবারের চার সদস্যের মোবাইল ফোনও বন্ধ ছিল। এসব কারণে প্রাথমিকভাবে ডাকাতির পর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি তিন থেকে চার দিন আগে ঘটে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট, মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা তদন্ত চালাচ্ছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করার তথ্যও পাওয়া গেছে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
@ইয়াসমিন রিমা