স্যালাইন না দেওয়ায় নার্সের বিরুদ্ধে ব্যবস্থা, রোগীকে টাকা ফেরতের নির্দেশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও এক রোগীকে স্যালাইন না দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশের পাশাপাশি বাইরে থেকে স্যালাইন কিনতে রোগীর খরচ হওয়া টাকা নিজের পকেট থেকে ফেরত দিতে বলেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে আকস্মিকভাবে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে এক রোগী হাসপাতালে স্যালাইন মজুত থাকার পরও তা না দেওয়ার অভিযোগ করেন। বিষয়টি শুনে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে যে অর্থ ব্যয় করতে হয়েছে, তা নার্সকে নিজ অর্থে পরিশোধের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি জানান, ২৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে ১০০ শয্যার হিসাব অনুযায়ী খাবার বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সমস্যা সমাধানের পাশাপাশি রোগীদের খাবারের মান উন্নত করতে মাথাপিছু বরাদ্দ ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হচ্ছে।

তিনি আরও জানান, উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। ডায়ালাইসিস সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া, শয্যা বৃদ্ধি এবং জনবল সংকট দূর করতে প্রায় ৬ হাজার ৫০০ জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০ নার্স ও ২ হাজার ৫০০ ফার্মাসিস্ট রয়েছেন।

দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা সদর হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আগামী তিন মাসের মধ্যে জেলা পর্যায়ে এ সেবা চালুর লক্ষ্য রয়েছে।

পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *