ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।
রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জানায়, শপথ গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
দীর্ঘদিন হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের পর আপিল বিভাগে নতুন দায়িত্ব পেলেন বিচারপতি হাবিবুল গনি। তার নিয়োগের ফলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
@ইয়াসমিন রিমা