ভেতরের খবর নিউজ ডেস্ক: গত ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর বাদ দেওয়ার ঘটনাটি যথাযথভাবে সামলানো হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির আরও ভালো সমাধান করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি।
তামিমের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ। তাই জাতীয় দলের সেখানে প্রতিনিধিত্ব করা উচিত ছিল। তিনি বলেন, শুরু থেকেই পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ ছিল না।
বিসিবি সভাপতি আরও বলেন, কিছু ক্ষেত্রে খেলাধুলাকে শুধু খেলাধুলা হিসেবেই দেখা উচিত। কিন্তু খেলাধুলার সঙ্গে অন্য বিষয় যুক্ত হলে পরিস্থিতি জটিল হয়ে যায়। বাংলাদেশকে বিশ্বকাপে খেলানোর জন্য আরও আলোচনা ও সমঝোতার চেষ্টা করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে তিনি অনেক কিছু জানলেও সবকিছু প্রকাশ্যে বলা সম্ভব নয় বলে জানান।
@ইয়াসমিন রিমা