ভেতরের খবর নিউজ ডেস্ক: সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয় বিবেচনায় পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, জানুয়ারিতে পরীক্ষা নিলে রমজান শুরুর আগেই পরীক্ষা শেষ করা সম্ভব হলেও শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় নিয়ে সিলেবাস পুনরালোচনা ও রিভিশনের সুযোগ পেত না। এতে তাদের প্রস্তুতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, আবহাওয়া, আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডার, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও বিদেশে উচ্চশিক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণের পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারিকে এইচএসসি পরীক্ষার জন্য উপযুক্ত সময় মনে করা হলেও রমজানের কারণে এবার তা সম্ভব হচ্ছে না।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা হবে না। প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হলে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সম্ভাব্য সময় আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তাই শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
@ইয়াসমিন রিমা