ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি কারখানার ৬১৩ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। ছাঁটাই হওয়া শ্রমিকরা নিট কম্পোজিট, স্পিনিং, কটন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাই হওয়া শ্রমিকদের নামের তালিকা টাঙানো হয়। মঙ্গলবার সকাল থেকে তালিকায় নাম থাকা শ্রমিকরা কারখানার সামনে জড়ো হলে তাদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়।
কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলসহ বিভিন্ন কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২০ অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই কার্যকর করা হয়েছে।
কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, ছাঁটাই হওয়া শ্রমিকদের আইন অনুযায়ী সব পাওনা ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে। ভবিষ্যতে নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে।
@ইয়াসমিন রিমা