ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়া হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গ্রেপ্তারের পর তাকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বক্তব্য দিচ্ছেন, সেটি বিবেচনার বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে ফেরাতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কোনো জোটে যুক্ত হলে তা দেশের স্বার্থে কতটা উপকারী হবে, সেটিও বিবেচনা করা হবে।
সভায় মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা