ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এখন আর ‘ইসলামী দল’ বলা যায় না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ শব্দটি বাদ দিয়েছে। এ কারণে দলটিকে ইসলামী দল হিসেবে অভিহিত করার সুযোগ নেই। তাঁর দাবি, জামায়াতের সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কোনো প্রতিশ্রুতি ছিল না। বরং দলটির আমির প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন।
এ ছাড়া ১১ দলের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি না হলে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি জামায়াতের এমন অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেন।
অন্যদিকে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধেও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন চরমোনাই পীর। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি শরিয়াবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সংসদে ইতোমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার এসব আইন থেকে সরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদে নামতে বাধ্য হবে।
@ইয়াসমিন রিমা


