মোবাইল নম্বর ক্লোন করে এমপিদের টাকা হাতানোর চেষ্টা

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ সদস্যদের মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় সংসদ সদস্যদের সতর্ক করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এ সতর্কবার্তা দেন।

প্রধান হুইপ জানান, বুধবার সংসদে অবস্থানকালে তিন সংসদ সদস্যের নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে জরুরি প্রয়োজনে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়। পরে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোনে পাওয়া যায়নি।

নূরুল ইসলাম মনি বলেন, ‘যাদের ফোন থেকে এসেছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তাদের ফোন করেছি, তারা ফোন ধরেননি। ফোন হ্যাক হয়েছে। এ ব্যাপারে সবার সতর্ক হওয়ার দরকার আছে।’

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, মোবাইল নম্বর ক্লোন করে এ ধরনের প্রতারণা ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে কি না, তা প্রধান হুইপের কাছে জানতে চান তিনি।

জবাবে প্রধান হুইপ বলেন, বিষয়টি নিয়ে তিনি আগের দিনই কথা বলেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানতে পেরেছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *