ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):২৪ জুলাই ২০২৫ (বুধবার রাত):তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
বুধবার দিবাগত রাতেই গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের বাসভবন “ফিরোজা” থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তার কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। সেই অনুযায়ী তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারও গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।