ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পদ্মাসহ দেশের অন্যান্য প্রধান নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে বিএনপি।
রবিবার (১০ আগস্ট) এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের নদীগুলোর পানির সঠিক ও ন্যায্য বণ্টন নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমরা ক্ষমতায় গেলে পানির অধিকার আদায়ে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার হবো, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাবো।”
বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে তিনি বলেন, “পূর্ববর্তী সরকার গুম, খুন ও হত্যার রাজনীতি করেছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল। বিএনপির লক্ষ্য ছিল সবসময়ই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনা।”
তিনি আরও বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। সেই অভ্যুত্থানই প্রমাণ করেছে, স্বৈরাচারকে এই দেশের মানুষ আর বরদাশত করবে না।”
স্বৈরাচারী শাসন ব্যবস্থার ফলে দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত ও আইন-শৃঙ্খলা বাহিনীর অবনতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা দেশের সব ক্ষতিকে পুনর্গঠন করবো। নতুন করে গড়ে তুলবো একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ।”
দক্ষ কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশে ও বিদেশে দক্ষ জনশক্তি গড়তে হবে। শিক্ষার আলোকে আরও বিস্তৃত করতে হবে। ছাত্রছাত্রীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে। এ লক্ষ্যে কাজ করছে বিএনপি।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের সঙ্গে থেকেই আমাদের পথচলা নিশ্চিত করতে হবে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।