ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাবাহিনী মোতায়েন করা হবে। এছাড়া মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা—এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, “নিরীহ ও নিরপরাধ মানুষ যেন আইনের আওতায় না আসে, সে বিষয়ে আমরা সতর্ক। টাকার লোভে অনেকে জুলাই-আগস্টে মামলা করেছে। আমরা চেষ্টা করছি যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, গত জুলাইয়ের তুলনায় এ বছর পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে থানায় কেউ যেত না, আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্যান্য বাহিনীও তেমন সক্রিয় ছিল না। এখন যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি, তবে নির্বাচন আয়োজনের জন্য বর্তমান অবস্থা যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।তার মতে, স্বাধীনতার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো ছিল—এমন খবর কখনো পাওয়া যায়নি।