ভেতরের খবর নিউজ ডেক্স : স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের প্রতিটি সরকারি খাতকে ধ্বংস করে রেখে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, রাষ্ট্র পরিচালনায় বিএনপির পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাই এই ধ্বংসস্তূপ থেকে দেশকে উত্তরণের একমাত্র সক্ষমতা তাদের হাতেই।
সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। এসময় তারেক রহমান বলেন, “দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, কারণ বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই ভরসা ধরে রাখা নেতাকর্মীদের দায়িত্ব।” তিনি আরও জানান, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
দীর্ঘ দেড় দশক পর আয়োজিত নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। শহরের বিভিন্ন সড়ক ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে সজ্জিত করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।