ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটের সাদাপাথর এলাকায় চলছে প্রকাশ্য ‘সর্বদলীয় লুটপাট’। শত শত নৌকা ও হাজারো শ্রমিকের অংশগ্রহণে কোদাল-বেলচা হাতে পাথর তোলার উন্মাদনা যেন উৎসবে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের প্রত্যক্ষ নেতৃত্বে এই পাথর সরানো হচ্ছে, আর প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের।
মেঘালয় থেকে নেমে আসা নদীর পাড়ে প্রাকৃতিকভাবে জমে থাকা লাখ লাখ পাথর চোখের সামনে উধাও হয়ে গেছে। দিনের বেলায় পুলিশ মাঝে মাঝে ধাওয়া দিলেও রাতের আঁধারে ফের শুরু হচ্ছে এই চুরি-ডাকাতি। সরকারি উপদেষ্টারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, এটি শুধু পরিবেশ ধ্বংস নয়, বরং রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনের এক নজিরবিহীন ঘটনা। ‘সর্বদলীয় ঐকমত্যের ডাকাতি’ হিসেবে আখ্যায়িত এই কর্মকাণ্ডে এখনো কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনা হয়নি।