ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জমা পড়েছে বিপুল সংখ্যক মনোনয়নপত্র। ডাকসুর ২৮ পদে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র, আর ১৮টি হল সংসদের ২৩৪ পদে জমা পড়েছে ১,১০৯টি মনোনয়নপত্র। ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, আর ২৬ আগস্ট বিকেলে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
শীর্ষ তিন পদে মূল লড়াই হবে পাঁচ প্যানেলের মধ্যে। এগুলো হলো—
জাতীয়তাবাদী ছাত্রদল: ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান, জিএস শেখ তানভীর বারী হামিম ও এজিএস তানভীর আল হাদী মায়েদ।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত): ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস আবু বাকের মজুমদার, এজিএস আশরেফা খাতুন।
প্রতিরোধ পর্ষদ (বামপন্থী সাত সংগঠন): ভিপি শেখ তাসনিম আফরোজ, জিএস মেঘমল্লার বসু, এজিএস জাবির আহমেদ জুবেল।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য: ভিপি উমামা ফাতেমা, জিএস পদে তিনজন মনোনয়ন জমা দিয়েছেন, এজিএস প্রার্থী জাহেদ আহমেদ।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (শিবির সমর্থিত): ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান।
ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ স্পষ্ট। আড্ডাস্থল, ক্যানটিন ও পাঠাগারে প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। শিক্ষার্থীরা বলছেন, তাঁরা চান গণরুম–গেস্টরুম সংস্কৃতি ছাড়াই এমন নেতৃত্ব, যারা সত্যিকারের শিক্ষার্থীদের সমস্যার সমাধান করবে। এ কারণে স্বতন্ত্র ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীরা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর