ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবায় চরম অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিদিনই এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি ওষুধ পাওয়ার আশায় স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসলেও তাদের বেশিরভাগই প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় ডাক্তারদের অনুপস্থিতি বা অবহেলার শিকার হতে হয়। আর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ চাইতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই বলা হয় “ওষুধ নাই, কালকে আসেন” বা “পরশু আসেন”। অথচ প্রতিদিনই সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধ সরবরাহ করা হয় এসব স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে সাধারণ মানুষ মনে করছেন, ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বা সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না।
স্থানীয় এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন
“আমরা গরিব মানুষ, বাজার থেকে দামি ওষুধ কেনার সামর্থ্য নেই। সরকারি হাসপাতালেই যদি ফ্রি ওষুধ না পাই, তাহলে আমরা কোথায় যাবো?”
অভিযোগ রয়েছে, অনেক সময় স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। আবার অনেক ডাক্তার সময়মতো ডিউটিতে থাকেন না, থাকলেও সাধারণ মানুষকে যথাযথ গুরুত্ব দেন না।
এ বিষয়ে সচেতন মহল বলছে, সরকারি চিকিৎসা খাতে যে অনিয়ম চলছে তা বন্ধ না হলে সাধারণ মানুষ কখনোই প্রকৃত সেবা পাবে না। তাঁরা অবিলম্বে বিষয়টির সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।