ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদসহ বিভিন্ন গ্রুপে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য লিখে পোস্ট দিলে তা ডিলেট করে দেওয়া হচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজ শেষে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আবিদুল ইসলাম খান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বক্তব্য বিকৃত করে ছড়ানো হচ্ছে যে, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভোট ছাড়াই ভিপি-জিএস হতে পারবেন না। “এটি পরিকল্পিত গুজব ও প্রোপাগান্ডা, যা ক্যাম্পাসের পরিবেশের জন্য হুমকি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, অনলাইন গ্রুপগুলোতে নোংরামির বিরুদ্ধে যে পোস্ট দেওয়া হচ্ছে তা ডিলেট করে দেওয়া হচ্ছে। এসব প্রোপাগান্ডা ও অপতথ্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দেখছেন না বলেও সতর্ক করেন।
ছাত্রদলের এই প্রার্থী অভিযোগ করে বলেন, “প্রপাগান্ডা বাহিনী বিহাইন্ড দ্য সিন থেকে বিকৃত ফটোকার্ড তৈরি করছে। এগুলো অসুস্থ মস্তিষ্কের চিন্তা ছাড়া আর কিছু নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানেন, ৫ আগস্টের পর ক্যাম্পাসে কারা এসব প্রোপাগান্ডা ছড়িয়েছে।”
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।