ভেতরের খবর নিউজ ডেক্স : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এবং ৯৮ অনুচ্ছেদ মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা।
নতুন নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন—আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী।
এই তালিকায় আছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমানও। তিনি দীর্ঘদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল বলেন, “অ্যাডভোকেট লুৎফর রহমান ছাত্রদলের সাবেক নেতা এবং বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি সারজিস আলমের শ্বশুর হওয়ার অনেক আগেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। নিজের যোগ্যতার ভিত্তিতেই তিনি আজ বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।”
এর আগে গত সপ্তাহেই একযোগে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।