ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁকে হাজির করা হয়। শুনানি শেষে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।
এর আগে রোববার রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে রাতেই তাঁকে ঢাকায় আনা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, মামলার ১১ নম্বর আসামি তিনি।
তৌহিদ আফ্রিদি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। একই মামলায় নাসির উদ্দিনকে গত ১৭ আগস্ট ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় আসাদুল হক বাবু হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও আসামির তালিকায় অন্তর্ভুক্ত।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর