ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):যশোরে কাভার্ড ভ্যানের চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)। ফরহাদ হোসেন কাভার্ড ভ্যানের চালক এবং সাকিব তার সহকারী।
ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে অস্ত্র নিয়ে একটি কাভার্ড ভ্যান যশোর শহরের দিকে আসছে। পরে চাঁচড়া-পালবাড়ি সড়কে ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হলে চালকের আসনের নিচ থেকে স্কচটেপে মোড়ানো একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।
এ ঘটনায় ডিবির এসআই (নিরস্ত্র) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।