ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড় ও মন্দির ঘিরে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড দেখা দিলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
আজ বুধবার রাজধানীর রেলভবনে সনাতন ধর্মাবলম্বীদের চন্দ্রনাথধাম স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
স্রাইন কমিটির নেতারা অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে মন্দির এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ড চলছে, যা সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টারা মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর জোর দেন।
এ সময় পাহাড়ে ওঠার সিঁড়ির জরাজীর্ণ অবস্থা সংস্কারের দাবি জানালে বিদ্যুৎ উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার সচিবকে ফোন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, “অন্য ধর্মের স্থাপনায় আক্রমণকারীরা কোনোভাবেই ধার্মিক নয়, এটি অপরাধ। ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, অন্তর্বর্তী সরকার ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করছে।
বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “চন্দ্রনাথ মন্দির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। সম্প্রীতি বিনষ্টের মতো কোনো উসকানি বরদাশত করা হবে না।”