ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):“বস্তুনিষ্ঠ সংবাদই আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে আত্মপ্রকাশ করেছে বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাব। তরুণ সাংবাদিকদের উদ্যোগে গঠিত এই সংগঠন সাংবাদিকতার পেশাদারিত্ব, সমন্বয় ও তথ্য বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. এহসানুল হক মিলন, মো. হাবিবুর রহমান ও শওকত আলম। সদস্য সচিব হয়েছেন আলম আলী।
অন্যান্য সদস্যরা হলেন—ফরহাদ হোসেন, রাব্বি হাসান, রাশিদুল ইসলাম শাওন, এম এ মোতালেব, শাহিন আলম ও আলমগীর হোসেন।
নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান শুভেচ্ছা জানিয়ে বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে তরুণ প্রজন্মের সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। নতুন এই প্রেসক্লাব তাদের পেশাগত বিকাশের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
এছাড়া নাটোর জেলা ও বড়াইগ্রাম উপজেলার সিনিয়র সাংবাদিকরাও নবগঠিত প্রেসক্লাবের প্রশংসা করে বলেন, সত্য ও নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরা হবে এ ক্লাবের প্রধান লক্ষ্য। তরুণদের এই উদ্যোগ সাংবাদিকতায় একটি ইতিবাচক ধারা তৈরি করবে বলেও তারা মনে করেন।
সুধীজনরা আশা প্রকাশ করেছেন, নতুন এ প্রেসক্লাব স্থানীয় সংবাদ কাভারেজের মানোন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


