ভেতরের খবর নিউজ ডেক্স : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে অস্থিরতা বাড়ছে। ইতিমধ্যে চারবার তফসিল পুনর্বিন্যাস ও দুবার ভোটের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে।
প্রথম তফসিল অনুযায়ী ১৭ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে। পরে ২০ আগস্ট নতুন সময় জানানো হলেও ২৬ আগস্ট আবারও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এরপর বিভিন্ন ছাত্রসংগঠনের দাবির মুখে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ প্রথমে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করে। কিন্তু ওইদিন দুর্গাপূজা থাকায় সমালোচনা শুরু হয়। পরে পুনরায় বৈঠকে বসে কমিশন ২৫ সেপ্টেম্বরকে নতুন ভোটের দিন নির্ধারণ করে।
বাম সংগঠন ও শিবিরসহ বিভিন্ন সংগঠন এ সিদ্ধান্তকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে ছাত্রদল শুরু থেকেই নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছিল। তাই কমিশনের বারবার সময় পরিবর্তনে ছাত্রদলই বেশি লাভবান হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী নোমান ইমতিয়াজসহ অন্যরা।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, সব সংগঠনের অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সময় পরিবর্তন করা হয়েছে। তবে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই।
৩৫ বছর পর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর দাবির চাপে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তন অব্যাহত থাকায় শিক্ষার্থীদের মধ্যে সংশয় ও অস্থিরতা বাড়ছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর।