ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বর্তমান পরিস্থিতিকে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ আইনশৃঙ্খলা অবস্থা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মানুষ এখন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হচ্ছে, অথচ সরকার ও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
রোববার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে সাম্প্রতিক সময়ে শিক্ষকদের ওপর হামলা, চাকরি থেকে অব্যাহতি, ভিন্নমতের ওপর নির্যাতন এবং সাবেক ভিপি নুরুল হকের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।
সামিনা লুৎফা বলেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্রমেই নষ্ট হচ্ছে। গত বছরের হত্যাকাণ্ডগুলোর তদন্ত ও বিচার হয়নি। ফলে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তিনি আরও অভিযোগ করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না।
তিনি মনে করেন, আগামী নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠতে পারে। এজন্য দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, বিশ্ববিদ্যালয়ে মব সংস্কৃতি বন্ধ করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
@ইয়াামিন রিমা, ভেতরের খবর