ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট এক আদেশে নির্বাচন আগামী ২১ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন ঘিরে পুরো প্রক্রিয়া আদালতের নজরে আনা হয়েছে।
আদালত জানতে চেয়েছেন— কোন প্রক্রিয়ায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে, কীভাবে যাচাই–বাছাই করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন জোরালো হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর। তবে হাইকোর্টের নির্দেশে সেই নির্বাচন স্থগিত হলো। এখন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।