ভেতরের খবর নিউজ ডেস্ক: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখনো ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পলাতক রয়েছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অভ্যুত্থানের পর প্রথমদিকে ১৩৭ জন পুলিশ সদস্য দায়িত্বে অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৫৬ জন ইতিমধ্যে ফিরে এলেও বাকিরা আত্মগোপনে আছেন।
পলাতকদের মধ্যে ৩ জন ডিআইজি, ১০ জন অতিরিক্ত ডিআইজি, ১১ জন পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আলোচিতদের মধ্যে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নুরে আলম মিনা, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ। অনেক কর্মকর্তা গ্রেপ্তার এড়াতে দেশের বাইরে পালিয়েছেন বলেও জানা গেছে।
অভ্যুত্থানের ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এ কে এম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া রয়েছেন। এঁরা বর্তমানে কারাগারে আছেন।
এদিকে বিতর্কিত ভূমিকার কারণে গত এক বছরে ৮৬ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে, ৮২ জনকে ওএসডি এবং ৫৫ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঢালাও মামলা ও তদন্তের অনিশ্চয়তা বাহিনীর মধ্যে ভীতির সঞ্চার করেছে, যা পুলিশের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর