ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোতে আসন্ন নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর হলো না। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দেন। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুতে ভোট আয়োজনের আর কোনো বাধা থাকছে না।
এর আগে সকালে হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি নিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রার্থীদের মনোনয়ন, যাচাই-বাছাই ও ভোট আয়োজনের পুরো প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতেও বলেন।
কিন্তু ওই আদেশের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা চেম্বার আদালতে গেলে ঘণ্টাখানেকের মধ্যেই স্থগিতাদেশ আটকে যায়।
হাইকোর্টের আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। কয়েকটি হলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিও নেয়া হচ্ছিল। তবে চেম্বার আদালতের নতুন সিদ্ধান্তে শিক্ষার্থীরা এখন নির্বাচনের পথে ফেরার প্রস্তুতি নিতে পারবেন।
চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার হয়। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ডাকসু নির্বাচনে এবার ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থী জোটসহ প্রায় ১০টি পূর্ণ বা আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।