ভেতরের খবর নিউজ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। প্রাথমিক হিসাবে অন্তত ৮০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত রবিবার রাতে (৩১ আগস্ট) স্থানীয় সময় প্রায় ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কুনার প্রদেশ, তবে পার্শ্ববর্তী নানগরহারসহ কয়েকটি প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল ও ভাঙা সড়কপথ উদ্ধার কাজে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পর্যন্ত ৩৮টির বেশি হেলিকপ্টার আহতদের হাসপাতালে নিতে কাজ করছে।
ভয়াবহ এ বিপর্যয়ের পর আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান প্রশাসন। ইতোমধ্যে জাতিসংঘ, ভারত, চীন ও যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ও সংস্থা জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।