ভেতরের খবর নিউজ ডেস্ক: একদল মুক্তিযুদ্ধকে বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের, বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায়ে ব্যস্ত সময় কেটেছে, সেসব দেশ আজও গৃহযুদ্ধের মধ্যে আছে। বাংলাদেশকে সেই ভুলের পথে হাঁটতে দেওয়া যাবে না।”
তিনি আরও সতর্ক করে বলেন, “আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি লড়াই শুরু হয়, তাহলে দেশের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়বে। পরিবর্তন ধারণ করতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যত ভালো হবে না।”