ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া বাক্প্রতিবন্ধী তরুণ সাঈদ শেখ (২১) অবশেষে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জাকির হোসেন তাঁর শারীরিক অবস্থা ও ৯ দিনের হাজতবাসের কথা বিবেচনায় ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২৫ আগস্ট গুলিস্তান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এজাহারে বলা হয়, তিনি আওয়ামী লীগের মিছিলে অংশ নেন এবং এর আগে দলটির পক্ষে টেলিভিশনে বক্তব্য দেন। তবে আসামিপক্ষ দাবি করে, সাঈদ শেখ জন্মগত প্রতিবন্ধী এবং সঠিকভাবে কথা বলতে পারেন না।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইতিমধ্যে আদালতে প্রতিবেদন দিয়েছেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের চূড়ান্ত মতামত এখনো জমা দেওয়া হয়নি। সাঈদের আইনজীবী কায়েস আহমেদ বলেন, তাঁর মক্কেল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবন্ধী কার্ডধারী। আর সাঈদের মামা জানান, তাঁকে একসময় শিকল দিয়ে বেঁধে রাখতে হতো এবং বর্তমানে কারাগারে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
চিকিৎসকের বিশেষজ্ঞ মতামত আদালতে জমা দেওয়ার পর বিষয়টি নিয়ে আবার শুনানি হবে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর