ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী সাতটি সংগঠন মিলে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ এবার সবচেয়ে আলোচনায়। ২৮টি পদের মধ্যে ১৬টিতেই নারী, সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে প্রার্থী করেছে তারা। স্লোগান—‘সমতায়-প্রতিরোধে নিরাপদ ক্যাম্পাস’।
প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ (ইমি), যিনি আগে সরাসরি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, ২০১৯ সালে শামসুন নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচিত ছাত্রনেতা ও বিতার্কিক মেঘমল্লার বসু। এজিএস পদে আছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদ জুবেল।
প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা বলছেন, ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে ও জুলাই অভ্যুত্থানে তাঁদের প্রতিবাদী ভূমিকা শিক্ষার্থীদের আস্থা অর্জনে সহায়তা করবে। তবে ভোটকেন্দ্রের সংখ্যা কম এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে তাঁরা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা’ করছেন।
তাদের দাবি, চাঁদাবাজি বা সন্ত্রাসের অভিযোগ ছাড়াই বৈচিত্র্যপূর্ণ প্রার্থী ও প্রতিবাদের ঐতিহ্যই এবার শক্তি। প্রতিরোধ পর্ষদের নেতারা স্পষ্ট করে বলছেন, জয়-পরাজয় যাই হোক, প্রতিবাদী ভূমিকা অব্যাহত থাকবে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর