ভেতরের খবর নিউজ ডেস্ক: নুরুল হক নুরসহ নেতা–কর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদ। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শেষে পল্টন মোড় এক ঘণ্টার বেশি সময় অবরোধ করে রাখেন দলটির নেতা–কর্মীরা।
কর্মসূচিতে সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা মানে গণ–অভ্যুত্থানের ওপর হামলা। এ ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।” তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘ভারতের দল’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান।
বিক্ষোভে দলের মুখপাত্র ফারুক হাসান, হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামানসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষের সময় নুরুল হক মারাত্মক আহত হন। মাথায় আঘাত পেয়ে চোয়াল ও নাক ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর