ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মালিবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালকসহ অন্তত ১৫ জন আহত হন।
সোহাগ পরিবহন কর্তৃপক্ষ জানায়, রাতে কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিলেন। কর্মচারীরা তাদের অনুরোধ করে কাউন্টারের সামনে সিগারেট না খেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি ফোন করে ডেকে আনেন অন্তত ৫০-৬০ জনের একটি দল। তারা এসে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে কাউন্টারের কর্মচারী ও মালিকপক্ষের লোকজনকে কুপিয়ে জখম করে।
ঘটনার পর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোহাগ পরিবহন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লাল। তাদের দাবি, পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে থাকে।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।