আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পাঠানো মানবিক সহায়তা পৌঁছেছে কাবুলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালেই বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছে দেওয়া হয়।
কাবুল বিমানবন্দরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দল ত্রাণ হস্তান্তর করেন। এতে শুকনো খাবার, ওষুধ, তাঁবু, কম্বলসহ জরুরি ত্রাণ সামগ্রী ছিল। বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলের কাছ থেকে প্রতীকীভাবে এই সহায়তা গ্রহণ করেন আফগান কর্মকর্তারা।
ছবিতে দেখা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজের ভেতর থেকে “Gift for the People of Afghanistan” লেখা ব্যানারের সামনে দুই দেশের প্রতিনিধিরা ত্রাণ গ্রহণের মুহূর্তে দাঁড়িয়ে আছেন।
আফগান কর্মকর্তারা বাংলাদেশের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে বলে আশা প্রকাশ করেন।
সম্প্রতি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে এক হাজার চার শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ঘরবাড়ি ভেঙে গৃহহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশও মানবিক সহায়তা পাঠিয়েছে।


