ভেতরের খবর নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বাড়িতে ডাকাতি ও তাঁর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর।
গ্রেপ্তার তিনজন হলেন কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মো. কাওসার, কলাপাড়া পৌরসভার আশীষ গাইন এবং বরগুনার বামনা উপজেলার পোটকাখালী গ্রামের রিপন সোহাগ। তাঁদের কাছ থেকে একটি মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কাওসারের অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার তাঁকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকার দারুস সালাম এলাকা থেকে রিপন সোহাগ এবং একই দিনে কলাপাড়া থেকে আশীষ গাইনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা তিনজনই অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরপর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি লুট হয়ে যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জাকির হোসেন, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই গভীর রাতে একদল ডাকাত শিক্ষকের বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে জিম্মি করে রেখে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় শিক্ষকের স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ঘটনার পরদিন ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর