ফিজিওথেরাপিতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ, যুক্তরাষ্ট্রে স্কলারশিপ নিয়ে পড়ছেন আফজাল

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করার সময় প্রতিদিনই শারীরিক নানা জটিল ব্যথার রোগীর মুখোমুখি হতেন মো. আফজাল হোসেন। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তাঁর মনে হতো, বিদেশে উচ্চশিক্ষা নিতে পারলে আরও উন্নত সেবা দিতে পারবেন। সেই ইচ্ছা পূরণে নানা বাধা পেরিয়ে অবশেষে সফল হয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে স্পোর্টস ফিজিওথেরাপি বিষয়ে ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করছেন।

গত আগস্টে তিনি মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির হিউম্যান পারফরম্যান্স অনুষদের অধীনে সায়েন্স ইন এক্সারসাইজ ফিজিওলজি বিভাগে ভর্তি হন। তবে এ সাফল্যের পথ ছিল কণ্টকাকীর্ণ। বিশেষ করে গ্রেডিং পদ্ধতির সনদ ও রিকমেন্ডেশন লেটার জোগাড় করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে তাঁকে। আফজালের শিক্ষকদের অফিশিয়াল ইমেইল না থাকায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় প্রথমে তাঁর আবেদন গ্রহণে অনাগ্রহ দেখায়। পরে দীর্ঘ ব্যাখ্যার পর বিষয়টি সমাধান হয়।

রাজশাহীর দারুশা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে আফজাল রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা ও ঢাকার একই প্রতিষ্ঠানে বিএসসি সম্পন্ন করেন। তিনি বলেন, “বাংলাদেশে ফিজিওথেরাপিতে পিএইচডির সুযোগ নেই বললেই চলে। তাই বিদেশে পড়াশোনার পথ খুঁজেছি।”

আফজাল জানান, যুক্তরাষ্ট্রে ভর্তি হতে গবেষণাপত্র প্রকাশ ও ভালো আইইএলটিএস স্কোর অপরিহার্য। তাঁর প্রকাশিত গবেষণাপত্রই বৃত্তি পেতে বড় সহায়ক হয়েছে। তবে গ্রেডিং ব্যবস্থা না থাকায় অতিরিক্ত খরচ করে ওয়েস (WES) থেকে সনদ কনভার্ট করতে হয়েছে।

ফিজিওথেরাপিতে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুকদের উদ্দেশে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে পড়াশোনার পথ দীর্ঘ ও সময়সাপেক্ষ। ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ভালো স্কোরের পাশাপাশি গবেষণাপত্র ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সুযোগ পাওয়া সহজ হয়।”

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *