ভেতরের খবর নিউজ ডেস্ক: দীর্ঘ সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন,এমন ইঙ্গিত দিয়েছেন দলের সিনিয়র নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রবিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবর জানান, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গ।
বাবর বলেন, “আমরা আশা করছি খুব শিগগিরই তারেক রহমানকে দেশের মাটিতে দেখতে পাব। রাজনৈতিক অঙ্গন এবং বিএনপির নেতাকর্মীরা সেই দিনটির অপেক্ষায় আছেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির ভেতরে নয়, জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে এ ঘোষণা নতুন সমীকরণ তৈরি করবে বলে অনেকেই মনে করছেন।
তবে তার দেশে ফেরাকে ঘিরে আইনগত ও রাজনৈতিক প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। একাধিক মামলার রায় ও আইনি জটিলতা মোকাবিলা করেই তাকে দেশে ফিরতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে বিএনপির ঘনিষ্ঠ মহল মনে করছে, তারেক রহমান দেশে ফিরলে দল আরও ঐক্যবদ্ধ হবে এবং আগামী জাতীয় নির্বাচনের কৌশলে নতুন মাত্রা যোগ হবে।


