হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বজুড়ে নিন্দা শুরু হয়েছে। এমন অবস্থায় কাতারকে ঘিরে ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (স্থানীয় সময়) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হামাসের ব্যাপারে কিছু করা ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র। তাই ইসরায়েলকে খুব, খুব সতর্ক হতে হবে।”
গত শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেন ট্রাম্প। তখন তাকে ‘চমৎকার মানুষ’ বলে অভিহিত করেন তিনি।
এদিকে, আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। দোহায় শুরু হওয়া আরব-মুসলিম রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে ইসরায়েলের ‘বর্বর’ হামলার নিন্দা জানানো হয়। সম্মেলনে কাতারের সার্বভৌমত্ব রক্ষায় আইনগত পদক্ষেপে সমর্থনও ঘোষণা করেছে তারা।
সূত্র : টাইমস অব ইসরায়েল
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


