বেতরের খবর নিউজ ডেক্স : জুলাই সনদের আইনিভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ মঙ্গলবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, গণহত্যার বিচার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা (লেভেল প্লেয়িং ফিল্ড) এবং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা।
তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি। নেজামে ইসলাম পার্টি এসব দাবি ও কর্মসূচিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলাম ও জাতীয় নিরাপত্তা সুরক্ষার আন্দোলন বলে উল্লেখ করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহাসচিব মুসা বিন ইযহার। এ সময় দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ, সংগঠন সচিব মাওলানা আবু তাহের, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসুদ ও দপ্তর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


