ভেতরের খবর নিউজ ডেস্ক: পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে শনিবার (১৩ সেপ্টেম্বর) শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। বিকেলে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
এবারের আয়োজনে দেশি-বিদেশি প্রায় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো মেলার পরিসর বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
পাঠক ও দর্শনার্থীদের জন্য রয়েছে নানা সুবিধা—শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার এবং চা-কফি ও ফুড কর্নার। পাশাপাশি বড় মঞ্চে হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক এবং বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ড. উমর ফাহমী উপস্থিত ছিলেন।
নব্বইয়ের দশকের শেষ দিকে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন আজ দেশের সবচেয়ে বড় ইসলামী বইমেলায় পরিণত হয়েছে। এবারের মেলাকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


