ভেতরের খবর নিউজ ডেস্ক: প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর ২০২৫–এর বিজয়ীর নাম। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ফরাসি তারকা ওসমান দেম্বেলে প্রথমবারের মতো ক্যারিয়ারে জিতলেন ফুটবলের এই সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার।
ফ্রান্স ফুটবলের আয়োজনে সোমবার রাতে দেম্বেলের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে তিনি ফ্রান্সের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন। গত ৩০ বছরে ফ্রান্সের হয়ে এই সম্মান জিতেছিলেন কেবল কিংবদন্তি জিনেদিন জিদান ও করিম বেনজেমা।
গত মৌসুমে পিএসজির হয়ে দেম্বেলে ছিলেন অনন্য। লুইস এনরিকের অধীনে পিএসজি ঘরোয়া সব শিরোপা জয়ের পাশাপাশি ইতিহাসে প্রথমবার জিতেছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। এছাড়া ক্লাব বিশ্বকাপে তারা শেষ করেছে রানার্সআপ হয়ে।
সব প্রতিযোগিতা মিলিয়ে দেম্বেলের ব্যক্তিগত অবদান ছিল অসাধারণ। তিনি করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট। কেবল চ্যাম্পিয়নস লিগেই অবদান রেখেছেন ১৪ গোলে—নিজে ৮ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬ গোল। পুরো মৌসুমে সরাসরি জড়িয়ে ছিলেন ৪৮টি গোলের সাথে।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার কিশোর প্রতিভা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সে বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতায় ইয়ামালের অবদান—১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট।
অন্যদিকে নারী ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন আইতানা বনমাতি। বার্সেলোনা ও স্পেনের এই তারকা টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতে অনন্য রেকর্ডের জন্ম দিয়েছেন। তিনিই প্রথম নারী ফুটবলার যিনি তিনবার এই সম্মাননা জিতলেন। এর আগে দুইবার ব্যালন ডি’অর জয়ী হয়েছিলেন তার সতীর্থ অ্যালেক্সিয়া পুতিয়াস।