ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা, ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সকাল সাতটার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জের সুলতানপুর এলাকার অটোরিকশাচালক শুকুর আলী (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুটিবাড়ির বিপুল মিয়া (৩৮) ও তাঁর ছেলে বিপ্লব মিয়া (৫)। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বিপুল মিয়ার স্ত্রী মমতা বেগম (৩২) ও মেয়ে রূপামনি (৯)।
পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ফিরে বিপুল মিয়া পরিবার নিয়ে অটোরিকশাযোগে সারিয়াকান্দির শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সবাই গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিপুল, বিপ্লব ও শুকুর আলীকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর