ভেতরের খবর নিউজ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) সই ও দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর মতে, এ উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগকে নতুন মাত্রা দেবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শেরিং তোবগে জানান, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেপু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) ও কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা অর্থনৈতিক অঞ্চলকে যুক্ত করলে উভয় দেশই উপকৃত হবে। পাশাপাশি ধর্মীয় পর্যটন, জলবিদ্যুৎ সহযোগিতা, ওষুধশিল্পে বিনিয়োগ ও ফাইবার অপটিক সংযোগ স্থাপনেও ভুটান আগ্রহী।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ভুটানের প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণাঙ্গ অধিবেশনে তাঁর দেশ অংশ নেবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব। এ সময় তিনি শেরিং তোবগেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা ভুটানের প্রধানমন্ত্রী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার আগেই করতে আগ্রহ প্রকাশ করেছেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর