ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি শুক্রবার রাতে ভাষণ দেন।
এর আগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার ভোরে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং অন্য পাশে দাঁড়িয়ে আছেন অধ্যাপক ইউনূস। ইউনূসের পাশে তাঁর মেয়ে দিনা ইউনূসকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।
ক্যাপশনে জানানো হয়, ছবিটি নিউইয়র্কে ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোলা। এ সময় অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা আরও বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর