ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি মহল। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন। আজ সোমবার পুরাতন রমনা থানা চত্বরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একটি মহল তা ব্যাহত করার চেষ্টা করছে। খাগড়াছড়িতে পাহাড়ের ওপর থেকে সন্ত্রাসীদের গুলি চালানোর বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
গতকাল জেলার গুইমারায় বিক্ষোভ-সহিংসতায় তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে এবং ১৪৪ ধারা জারি রয়েছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর