ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বগুড়ায় শহর যুবদলের নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি আওয়ামী লীগ কর্মী জামিল হোসেন (৪৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
গ্রেপ্তারকৃত জামিল হোসেন বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের ভাগিনা ও দলের সক্রিয় কর্মী। জামিলের বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে বিরোধপূর্ণ এক খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত রাহুল সরকার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিল হোসেন দীর্ঘদিন ধরে তার মামার প্রভাব খাটিয়ে মাগুরা গ্রামের ওই খাস পুকুরটি দখল করে মাছ চাষ করছিলেন। গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর যুবদল নেতা রাহুল সরকার পুকুরটি সরকারি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন।
এ নিয়ে রাহুল ও জামিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রাহুল পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে তারা রাহুলের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, হত্যাকাণ্ডের পর জামিল পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে প্রথমে শেরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।